ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

4 October 2026, 8:19:51

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ জাহাঙ্গীর (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার ৪ নম্বর কলনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন চোষপাড়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর কলনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজনভাবে অবস্থান করা জাহাঙ্গীরকে আটক করে তার কাছ থেকে ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মোঃ জাহাঙ্গীর বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর কলনী গ্রামের বইজ উদ্দিনের ছেলে। বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৬৪ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।