কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদার গ্রেফতার

27 September 2026, 5:49:39

নজরুল ইসলাম নবী খুলনা:

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী ও চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করেছে এলিট ফোর্স এসআরবি। দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে এসআরবি-৬ এবং এসআরবি-৮ এর সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জয়নাল সরদারের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এছাড়া, হত্যার পর লাশ গুম করার অপরাধে তাকে পৃথকভাবে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলার রায় ঘোষণার পর থেকেই জয়নাল সরদার পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।