গৃহহীন আব্দুল বারিক পেলেন নতুন ঘর, মানবিকতার দৃষ্টান্ত ডুমদিয়া-কাঁশেরা ঐক্য সংগঠনের

27 September 2026, 8:57:26

মোজাম্মেল হোসেন, গাজীপুর প্রতিনিধি:
‎
‎গাজীপুরের ডুমদিয়া গ্রামে দীর্ঘদিন ধরে গৃহহীন অবস্থায় থাকা মোঃ আব্দুল বারিক পেলেন নতুন ঘর। ডুমদিয়া-কাঁশেরা ঐক্য সংগঠনের উদ্যোগে নির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে আব্দুল বারিকের হাতে তুলে দেওয়া হয়েছে।
‎
‎মানবিক উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটির সদস্য ও সহযোগীদের অর্থ, শ্রম, সময় এবং আন্তরিক প্রচেষ্টায় ঘরটি নির্মাণ করা হয়। নতুন ঘর পেয়ে আব্দুল বারিক ও তাঁর পরিবারের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।
‎
‎এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আব্দুল বারিকের নিজস্ব কোনো থাকার জায়গা ছিল না। কখনো মানুষের বাড়ির বারান্দায়, কখনো অন্যের আশ্রয়ে রাত কাটাতে হতো তাঁকে। তাঁর এমন অসহায়ত্বের কথা জানতে পেরে ডুমদিয়া-কাঁশেরা ঐক্য সংগঠন তাঁর জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয়।
‎এলাকাবাসীর মতে, আব্দুল বারিককে ঘর নির্মাণ করে দেওয়ার মধ্য দিয়ে সংগঠনটি মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এর আগেও সংগঠনটি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ, ঘর নির্মাণ এবং অসুস্থ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে।
‎
‎ডুমদিয়া-কাঁশেরা ঐক্য সংগঠনের পক্ষ থেকে বলা হয়, একটি অসহায় পরিবারের মাথা গোঁজার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎তারা বলেন, “চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে।”
‎
‎মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় ডুমদিয়া-কাঁশেরা ঐক্য সংগঠন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।