সুন্দরবনে হরিণ শিকারিদের দৌরাত্ম্য, পাচারের আগেই ১৪৫ কেজি মাংস জব্দ

6 September 2026, 7:12:05

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রায় সুন্দরবন থেকে পাচারের সময় ১৪৫ কেজি হরিণের মাংসসহ একটি ডিঙি নৌকা জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। পরে আদালতের নির্দেশনায় জব্দ করা হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে নলিয়ান ফরেস্ট রেঞ্জের রেঞ্জার আল আমিন ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকারী দলটি হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ বোতলখালী খাল এলাকায় পৌঁছালে পাচারকারীরা টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকা, ১৪৫ কেজি হরিণের মাংস এবং হরিণের মাথা ও পা উদ্ধার করা হয়।

জব্দ করা মাংস পরদিন বিকেল ৪টার দিকে কয়রা উপজেলা আদালত চত্বরে নেওয়া হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনায় মাংসগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের চিহ্নিত করা গেলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।