ইটভাটায় অবৈধভাবে সার মজুত, ভূরুঙ্গামারীতে দুই ব্যবসায়ীকে জরিমানা
মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়ারপাড় এলাকার মেসার্স খোকন ব্রিক্সের দুটি কক্ষে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
একই রাতে কুড়ারপাড় বাজারের মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারসহ পুলিশ ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সার কোথা থেকে মজুদ করা হয়েছে এ ব্যাপারে জানতে কৃষি অফিসার আব্দুল জব্বারকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ অভিযান বিষয়ে নিশ্চিত করে বলেন, মেসার্স খোকন ব্রিক্স প্রতিষ্ঠানটি সার মজুতদারের আওতাভুক্ত নয়। সার (ব্যবস্থাপনা) আইন অনুযায়ী নিবন্ধন ছাড়া সার সংরক্ষণ করা আইনসিদ্ধ নয়। এ বিধান লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃত্রিম সংকট ও কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জব্দকৃত সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
