কাঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

2 September 2026, 4:03:03

মোঃ ইমরান মুন্সি, ​ঝালকাঠি প্রতিনিধি:

​ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ দেলোয়ার হোসেন খান (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ ২ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ১ নং চেচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন খান ওই গ্রামের মো. হারুন খানের ছেলে।

​বুধবার দুপুর ১২টার দিকে কাঠালিয়া উপজেলাজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কৃষি কাজের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মাঠে যান দেলোয়ার হোসেন খান। মাঠে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​বিশেষ সতর্কতা: আবহাওয়ার পূর্বাভাসে বজ্রবৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনা থাকলে কৃষিকাজ বা খোলা স্থানে যাওয়া থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের সময় নিরাপদ ও পাকা ঘরে অবস্থান করুন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।