ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে আরিফ-কানন

2 September 2026, 2:00:31

সাকিবুল হাছান, ঢাকাঃ

ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের (ডিসিইএলসি) ২০২৬–২০২৭ সেশনের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. আরিফ মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের এম কে ইসলাম প্রধান কানন।

ঢাকা কলেজের অধ্যক্ষের অনুমোদন ও ক্লাবের প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় গঠিত নতুন কমিটির লক্ষ্য শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, যোগাযোগ সক্ষমতা, নেতৃত্ব, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ভূমিকা রাখা।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মো. আকাদুল্লাহ ও নাজমুস সাদাত উল আলম। সহকারী সাধারণ সম্পাদক মো. মাহিদ হোসাইন ও মো. ইমরান হোসাইন। সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আবদুল্লাহ অইশারঝা। সহকারী সাংগঠনিক সম্পাদক শাদ উদ্দিন ও মো. হোসাইন এবং অর্থ সম্পাদক আবু বাইদা মোহাম্মদ রাফি।

ইংরেজি চর্চায় স্বাচ্ছন্দ্যের পরিবেশ চান সভাপতি
নবনিযুক্ত সভাপতি আরিফ মিয়া বলেন, শুরুতে ইংরেজিতে তাঁর আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। নিয়মিত চর্চা ও ক্লাবের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে তিনি ধীরে ধীরে ইংরেজিতে কথা বলা, আত্মবিশ্বাস ও দলগত কাজের দক্ষতা অর্জন করেন।
সভাপতি হিসেবে ক্লাবকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব করার পরিকল্পনা রয়েছে তাঁর। নিয়মিত ইংরেজি চর্চা, শব্দভান্ডার, দলীয় আলোচনা, উপস্থাপনা ও আইইএলটিএসের প্রাথমিক কার্যক্রমের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার ইংরেজি প্রস্তুতিতেও গুরুত্ব দেওয়া হবে।

আরিফ মিয়া বলেন, “শিক্ষার্থীরা যেন ভুল করার ভয় ছাড়াই ইংরেজি চর্চা করতে পারে, এমন একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করাই আমার অন্যতম লক্ষ্য।”
ইংরেজিকে ব্যবহারিক ভাষা হিসেবে শেখাতে চান সাধারণ সম্পাদক

সাধারণ সম্পাদক এম কে ইসলাম প্রধান কানন জানান, কলেজজীবনের শুরুতে তিনি ইংরেজিতে দুর্বল ছিলেন। তবে ইংরেজির প্রতি আগ্রহ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে দক্ষতা অর্জন করেন। ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তাঁকে ইংরেজির পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও দলগত কাজের দক্ষতা অর্জনের সুযোগ দিয়েছে। ২০২৪ সাল থেকে ক্লাবটির সঙ্গে যুক্ত কানন এর আগে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাধারণ সম্পাদক হিসেবে তাঁর লক্ষ্য ইংরেজিকে শুধু একটি বিষয় হিসেবে নয়, ব্যবহারিক ভাষা হিসেবে শেখার সুযোগ তৈরি করা। এ জন্য কথা বলা, শোনা, শব্দভান্ডার, উচ্চারণ ও ব্যাকরণের পাশাপাশি আলোচনা, উপস্থাপনা ও প্রকাশ্যে বক্তব্য দেওয়ার মতো কার্যক্রম আয়োজন করা হবে।
পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার ইংরেজি প্রস্তুতি এবং আইইএলটিএসের Listening, Reading, Writing ও Speaking—এই চার দক্ষতার প্রাথমিক ভিত্তি তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।

কানন বলেন, “আমার লক্ষ্য হলো, ক্লাবের প্রতিটি সদস্য যেন উন্নত ইংরেজি দক্ষতা, ভালো যোগাযোগক্ষমতা ও আত্মবিশ্বাস অর্জন করে।” তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে নির্বাহী কমিটি, সদস্য, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে ক্লাবটিকে আরও সক্রিয় ও শিক্ষার্থীদের জন্য কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চান তিনি।

ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সহযোগী অধ্যাপক মো. খায়রুল আলম এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এ ছাড়া সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্য থেকে নাজরুল ইসলাম, মো. রায়হান ইসলাম, ইমাম হোসাইন, এম এম সম্রাট, রফিকুল ইসলাম জুনায়েদ, নাদির উজামান ও সাকিবুল হাসানকে ছাত্র উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

নতুন কমিটি নিয়মিত ইংরেজি চর্চা, যোগাযোগ দক্ষতা উন্নয়ন ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ক্লাবটিকে আরও সক্রিয় ও কার্যকর করে তুলতে কাজ করবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।