বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে সংবর্ধনা, এমপি মাসুদের ৫০ হাজার টাকা উপহার
মোঃ ইমরান হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান ও বিশ্বজয়ী কোরআনে হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার দেওয়া হয়। উপহার প্রদান করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাফেজ জাকারিয়ার এ অর্জন শুধু বাউফলবাসীর নয়, পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে তিনি বাংলাদেশের সুনাম বিশ্বদরবারে তুলে ধরেছেন। সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে দেশের মেধাবী সন্তানরা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেধাবী ও কৃতী সন্তানদের উৎসাহ ও সহযোগিতা করলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য আরও বড় অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার সাফল্যের প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে কোরআন ও ধর্মীয় শিক্ষায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার এই বিশ্বজয় বাউফলবাসীর জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশের জন্যও এক অনন্য সম্মানের বিষয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
