ধানক্ষেতে মিলল ৯ ফুটের অজগর, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

28 August 2026, 3:51:22

বাগেরহাট জেলা প্রতিনিধি: 

বাগেরহাটের শরণখোলায় একটি ধানক্ষেত থেকে প্রায় ৯ ফুট লম্বা ও ৮ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে নিরাপদে সুন্দরবনের গহীন বনে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার ৪ নম্বর সাউথখালী ইউনিয়নের ২ নম্বর বকুলতলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে কাজ করার সময় এক কৃষকের চোখে পড়ে বিশাল আকৃতির অজগরটি। পরে খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে শরণখোলা ভিটিআরটি (VTRT)-এর প্রতিনিধি নাহিদ হাসান ও মো. হাসান মুন্সি ঘটনাস্থলে পৌঁছান। পরে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার শেষে বৃহস্পতিবার বিকেলে অজগরটিকে শরণখোলা রেঞ্জ অফিসের পার্শ্ববর্তী সুন্দরবনের সুরক্ষিত গহীন বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, লোকালয় থেকে অজগরটি নিরাপদে উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ ও ভিটিআরটির এমন উদ্যোগের প্রশংসা করেছেন তারা।

সংশ্লিষ্টরা বলেন, লোকালয়ে অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে বিরক্ত বা হত্যা না করে দ্রুত বন বিভাগকে জানানো উচিত।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।