চিতলমারীতে জাসাসের সভায় ঐক্যের বার্তা, স্মার্ট কমিটি গঠনের ঘোষণা | বিডি-প্রেস 24 ডট কম

চিতলমারীতে জাসাসের সভায় ঐক্যের বার্তা, স্মার্ট কমিটি গঠনের ঘোষণা

6 October 2025, 1:35:03

চিতলমারীতে জাসাসের সভায় ঐক্যের বার্তা, স্মার্ট কমিটি গঠনের ঘোষণা

ডেক্স রিপোর্ট – ৬ অক্টোবর সোমবার ২০২৫।

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, চিতলমারী জাসাস হবে একটি স্মার্ট ও আদর্শ কমিটি, যা বিএনপির অঙ্গসংগঠনের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে। অতীতে যারা অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের স্থান এ সংগঠনে হবে না। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান বক্তা জেলা জাসাসের সদস্য সচিব ও বিশিষ্ট নারী নেতা নার্গিস আক্তার লুনা বলেন, সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ চিতলমারী উপজেলা সবসময়ই অগ্রণী ভূমিকা রেখেছে। এ উপজেলায় জাসাসের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করা হবে।

সভাপতির বক্তব্যে চিতলমারী প্রেসক্লাব সভাপতি ও জাসাসের সাবেক সভাপতি একরামুল হক মুন্সী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাসাস বিএনপির পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। জেলা বিএনপির দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে চিতলমারী জাসাস হবে জেলার সবচেয়ে শক্তিশালী ও স্মার্ট সংগঠন।

সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডু জাসাসের সাংগঠনিক ঐক্য ও কর্মীদের একত্রিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য রুনা গাজী বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফজলুল হক বলেন, সৎ, নিবেদিতপ্রাণ ও আদর্শবাদী কর্মীরাই সংগঠনের প্রকৃত শক্তি।

এসময় বক্তব্য রাখেন সাবেক জাসাস সহ-সভাপতি ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট অ্যাড. অসীম কুমার সমাদ্দার এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মী তানজীর মুন্সী। তারা জাসাসকে বিএনপির বিজয়ের অন্যতম সাংস্কৃতিক ভরসা হিসেবে অভিহিত করেন।

সভায় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক ও সমাজকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জাসাসের স্বচ্ছ নেতৃত্ব, নিয়মিত সাংগঠনিক কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিতলমারী প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক এস. এম. শহীদুল হক টিপু এবং সংগীতশিল্পী অপূর্ব বড়াল অপু। সভা সফল করতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: