চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতালঃ মহাসড়ক অবরোধ, দোকানপাট বন্ধ | বিডি-প্রেস 24 ডট কম

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতালঃ মহাসড়ক অবরোধ, দোকানপাট বন্ধ

10 September 2025, 4:03:56

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতালঃ মহাসড়ক অবরোধ, দোকানপাট বন্ধ

চিতলমারী প্রতিনিধিঃ ১০ সেপ্টেম্বর বুধবার ২০২৫। 
“সিইসি জানে না, বাগেরহাট চেনে না—বাগেরহাটে ৪টি আসন, ফিরে দাও, দিতে হবে”—এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে চলছে টানা ৪৮ ঘণ্টার সকাল-সন্ধ্যা হরতাল। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চিতলমারী মহাসড়ক অবরোধ করে সর্বদলীয় নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

নেতা-কর্মীদের দাবি, বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন আগের মতো পূর্ণ বহাল রাখতে হবে। অন্যথায় সামনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

হরতাল চলাকালে চিতলমারী উপজেলা নির্বাচন অফিস, উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়ে। বাজারের শতাধিক মৎস্য আড়ত ও দোকানপাট বন্ধ ছিল। অবরোধকারীরা অবিরাম শ্লোগানে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন।

বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মো. সোয়েব হোসেন বলেন, “১৯৭১ সালের পর থেকে চিতলমারীতে এ রকম হরতাল আর কখনও দেখিনি।”

এর আগে মঙ্গলবার এলাকাজুড়ে মাইকিং ও সর্বদলীয় বিক্ষোভ মিছিলের মাধ্যমে হরতালের ঘোষণা দেওয়া হয়।

বুধবার মহাসড়ক অবরোধকালে বক্তব্য রাখেন—সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী শাখার সভাপতি ডা. কাজী আবুল কালাম, সেক্রেটারি মাওলানা শাহাদাৎ হোসেন প্রমুখ।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো. ফজলুল হক শেখ, এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, বিএনপি নেতা সোয়েব হোসেন গাজী, শিপন মুন্সি, মো. রাজু আহমেদ মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খান, কাশীনাথ বৈরাগীসহ সর্বদলীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “আমরা বিগত দিনের মতোই বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: