চিতলমারীতে জিয়ার শাহাদাতবার্ষিকীতে অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মসূচি | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জাতীয় / বিস্তারিত

চিতলমারীতে জিয়ার শাহাদাতবার্ষিকীতে অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মসূচি

2 June 2026, 11:39:32

চিতলমারীতে জিয়ার শাহাদাতবার্ষিকীতে অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মসূচি

বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সোমবার (১ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ডালিম ফকির। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রসুল তরফদার নিয়াজ।

সভা পরিচালনা করেন চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহি মোল্লা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জবরুল শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আজমল হোসেন আজিম, কলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদ শেখ, শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুষার, বড়বাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রনি শেখ এবং উপজেলা ওলামা দলের মাওলানা ইয়াসিন ফকির।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তারা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের দুঃসময়ে যারা মাঠে থেকে সংগ্রাম করেছেন, তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শহীদ শেখ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রাজু খান, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মো. সামিম শেখ, চিতলমারী সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফায়জুল শেখসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

আলোচনা পর্ব শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি এবং দলীয় নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রসুল তরফদার নিয়াজ। কর্মসূচিতে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: