কোম্পানীগঞ্জে অপু-ফাহিম স্মৃতি ফুটসাল লীগের ফাইনাল অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অপু-ফাহিম স্মৃতি ফুটসাল লীগের ফাইনাল অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একাডেমী বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “অপু-ফাহিম স্মৃতি ফুটসাল প্রিমিয়ার লীগ”-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার বিকেলে একাডেমী বাজার ইয়ুথ সোসাইটির উদ্যোগে আয়োজিত এ ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী দুটি দল। নির্ধারিত সময়ের রুদ্ধশ্বাস খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। পরে ট্রাইব্রেকারে ২-১ গোলে প্রতিপক্ষকে পরাজিত করে স্বাধীনতা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকরা দারুণ উপভোগ করেন ফাইনাল ম্যাচটি।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিরন। তিনি বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন একাডেমী বাজার ইয়ুথ সোসাইটির সভাপতি নুর উদ্দিন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক এস কে সজীব, উপদেষ্টা মঞ্জু মোরশেদ, শহিদ উল্ল্যা সুমন, মোঃ খলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে সুস্থ ধারার খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়ে থাকে। তারা ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: