বানারীপাড়ায় শীর্ষ মাদক কারবারি ‘ল্যাংটা সোহেল’ গ্রেফতার, উদ্ধার ৭৬ পিস ইয়াবা
বানারীপাড়ায় শীর্ষ মাদক কারবারি ‘ল্যাংটা সোহেল’ গ্রেফতার, উদ্ধার ৭৬ পিস ইয়াবা

বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে “ল্যাংটা সোহেল” (৪৫) কে গ্রেপ্তার করেছে বানারীপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪টা ৫০ মিনিটে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট।
পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আঃ বারেকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন ল্যাংটা সোহেল। পরে তল্লাশিকালে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে বানারীপাড়াসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন সোহেল। তার বিরুদ্ধে অস্ত্র, নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৪টি মামলা রয়েছে। অতীতেও একাধিকবার র্যাব ও পুলিশের হাতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন তিনি। তবে জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ল্যাংটা সোহেলের মাদক ব্যবসার ভয়াল থাবায় এলাকার কিশোর ও যুবসমাজ বিপথে যেতে শুরু করেছে। বহু পরিবারে নেমে এসেছে অশান্তি, সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা। তার গ্রেপ্তারের খবরে মহিষাপোতাসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের প্রশংসা করেন।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, আটক সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”
এদিকে, মহিষাপোতা গ্রামের আরেক আলোচিত মাদক ব্যবসায়ী শাকিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সোর্স ব্যবহার করে মাদক কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানিয়েছে থানা পুলিশ।
এছাড়াও বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: