রাঙামাটিতে লিগ্যাল এইড এর “জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬” পালিত
রাঙামাটিতে লিগ্যাল এইড এর "জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬" পালিত

জাহাঙ্গীর, রাঙামাটি জেলা প্রতিনিধি :
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি উপস্থিত থাকার কথা থাকলেও সংসদের জরুরি অধিবেশনের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেলের চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আহসান তারেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মাহাবুবুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিহির বরণ চাকমাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও আইনজীবীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, ত্রিপিটক ও গীতা থেকে পাঠ করা হয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে উপস্থিতদের প্রশংসা কুড়ায়।
স্বাগত বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার এ.এস.এম এমরান বলেন, প্রান্তিক জনগণের কাছে আইনগত সহায়তা পৌঁছে দিতে জেলা লিগ্যাল এইড অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতামূলক সভা ও উঠান বৈঠক আয়োজন এবং বিলবোর্ড স্থাপনের মাধ্যমে জনগণকে আইনগত অধিকার সম্পর্কে অবহিত করা হচ্ছে।
অনুষ্ঠানে উপকারভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সরকারি এই সহায়তার মাধ্যমে তারা দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পেয়েছেন।
আলোচনায় বক্তারা বলেন, ২০২৫ সালে আইনগত সহায়তা প্রদান আইন সংশোধনের মাধ্যমে প্রি-কেস মেডিয়েশন বাধ্যতামূলক করায় বিরোধ নিষ্পত্তিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে আদালতে মামলা দায়েরের আগেই অনেক বিরোধ মীমাংসা সম্ভব হচ্ছে।
জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালে রাঙামাটিতে ১১৮৩টি বিরোধ বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমাধান করা হয়েছে, যার মাধ্যমে উপকারভোগী হয়েছেন ১৫৮৩ জন এবং আদায় হয়েছে এক কোটি ২৫ লাখ টাকারও বেশি অর্থ।
অনুষ্ঠানে ২০২৫ সালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে শফিউল আলম মিঞা (পুরুষ) ও সুস্মিতা চাকমা (মহিলা) কে সম্মাননা প্রদান করা হয়।
শেষে বিশেষ অতিথি ও সভাপতি তাদের বক্তব্যে আইনগত সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ আলম চৌধুরী এবং অ্যাডভোকেট সুস্মিতা চাকমা।
সমাপনী বক্তব্যে সভাপতি মো. আহসান তারেক সকলের সহযোগিতায় আইনগত সহায়তা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: