ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা

14 November 2026, 6:12:39

ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা

মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। তবে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ভূরুঙ্গামারীর উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ রফিকুল হাসান রঞ্জু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শামসুল আলম মতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ নুর-জামান, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মোঃ আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক মোঃ শহিদুল ইসলাম আকন্দ এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহ-কমান্ডার এ টি এম শাহজাহান মানিক এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কাজী নিজাম উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ নভেম্বর দেশের প্রথম উপজেলা হিসেবে ভূরুঙ্গামারী হানাদারমুক্ত হয়। মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাবসেক্টরের মুক্তিযোদ্ধারা দক্ষিণ দিক খোলা রেখে উত্তর, পশ্চিম ও পূর্ব দিক থেকে একযোগে আক্রমণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ১৩ নভেম্বর মুক্তিবাহিনী মর্টার, কামানসহ ভারী অস্ত্র দিয়ে পাকিস্তানি বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে। একই সময়ে ভারতীয় যুদ্ধবিমান আকাশে চক্কর দিতে থাকে। একপর্যায়ে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ বন্ধ করে পিছু হটে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় অবস্থান নেয়।

১৪ নভেম্বর ভোরে মুক্তিবাহিনী বিজয়ের স্লোগান দিয়ে ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় ও তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ) সামনে পৌঁছে বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন করে। ওই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন আতাউল্লা খানসহ ৪০ থেকে ৫০ জন সেনা নিহত এবং ৩০ থেকে ৪০ জন আটক হন।
মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সিও অফিসের দোতলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে কয়েকজন নারীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের অনেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের একটি তালাবদ্ধ কক্ষ থেকে নির্যাতনের শিকার ১৬ জন নারীকে উদ্ধার করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগের স্মৃতিবিজড়িত ১৪ নভেম্বর ভূরুঙ্গামারীবাসীর কাছে গৌরবের এক ঐতিহাসিক দিন। প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard