আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন

11 November 2026, 12:57:58

আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখায় এ ঘটনা ঘটে। তবে আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে তালাবদ্ধ ব্যাংকের কলাপসিবল গেটের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার খবর পেয়ে ব্যাংকের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তবে তাঁরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এতে ব্যাংকের কোনো মালামাল ক্ষতিগ্রস্ত হয়নি।

গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখার ব্যবস্থাপক দেবরাজ পাল বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাত আনুমানিক ৩টার দিকে পেট্রল ঢেলে তালাবদ্ধ ব্যাংকে আগুন ধরিয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যেই আগুন নিভে যাওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় মঙ্গলবার সকালে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী সময়ে মামলা করা হবে বলেও জানান তিনি।

আমতলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন মৃধা বলেন, রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখায় আগুন দেওয়ার ঘটনা দুঃখজনক। তাঁর দাবি, এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে। ডিসেম্বরকে সামনে রেখে দেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকবে বলে জানান তিনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। ব্যাংক কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard