১২৩ বছর বয়সেও দেখে দেখে কোরআন পড়া সেই আব্বাস আলীর জীবনের অবসান | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

১২৩ বছর বয়সেও দেখে দেখে কোরআন পড়া সেই আব্বাস আলীর জীবনের অবসান

13 October 2026, 10:03:25

১২৩ বছর বয়সেও দেখে দেখে কোরআন পড়া সেই আব্বাস আলীর জীবনের অবসান

সজিবুর রহমান নাটোর প্রতিনিধি :

গুরুদাসপুরের ১২৩ বছর বয়সে দেখে দেখে কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের নিজ বাড়িতে মারা যান ।

দীর্ঘ জীবনের ইতিহাসে ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলন দেখেছেন আব্বাস প্রামাণিক। তার ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্মতারিখ ১৯০৩ সাল। কর্মজীবনে তিনি মাত্র ৬০ টাকা বেতনে শিক্ষকতা করেছেন। পাশাপাশি এলাকায় ছেলেমেয়েদের বিনামূল্যে কোরআন শিক্ষা দিয়েছেন। তার সংসারে দুই মেয়ে ও ছয় ছেলে রয়েছে। তিনি খুকনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

মঙ্গলবার সকাল ১০টায় দুর্গাপুর প্রাইমারি স্কুল মাঠে তার জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

সম্প্রতি বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আব্বাস প্রামাণিক। এ সময় তিনি সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন। জীবনের শেষ প্রান্তে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন তিনি।

তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো—১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই নিয়মিত কোরআন শরিফ পড়তে পারতেন আব্বাস প্রামাণিক। খালি চোখেই সবকিছু স্পষ্ট দেখতে পেতেন এবং হাতে ক্যাসিও ঘড়ি পরতেন।

পরিবার সূত্রে জানা যায়, তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। নাতি-নাতনিরা সামর্থ্য অনুযায়ী তার দেখভাল করতেন। একসময় ভালো অর্থ-সম্পদও ছিল তার। তবে জীবনের শেষ সময় পর্যন্ত একটি ভাঙা ঘরেই ধর্মীয় অনুশাসন মেনে সাধারণ জীবনযাপন করেছেন তিনি। নিজের কাজ নিজেই করতেন এবং অধিকাংশ সময় হেঁটেই চলাচল করতেন।

কান্নাজড়িত কণ্ঠে আব্বাসের মেয়ে আলিমা বেগম বলেন, ‘পাঁচ বছর বয়সে মা মারা যান, তখন থেকেই বাবার কাছে বড় হয়েছি। সুযোগ পেলেই পছন্দের খাবার নিয়ে বাবাকে দেখতে যেতাম। তিনি তার সন্তান ও নাতিদের সঙ্গেই সময় কাটাতেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, ‘এ অঞ্চলের প্রবীণতম ব্যক্তিদের একজন ছিলেন আব্বাস প্রামাণিক। উপজেলা প্রশাসন সব সময় তার পাশে ছিল। আব্বাস প্রামাণিকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard