শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে

28 August, 2026 12:42:46
সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে

ডেক্স রিপোর্টঃ 

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী, দেশে ফেরত আসা মরদেহগুলোর মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

গত ৯ আগস্ট রাতে সৌদি রাজধানী রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় আগুনের ঘটনা ঘটে। ওই সময় কাজ শেষে শ্রমিকেরা কারখানার ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা সেখানে আটকা পড়েন। পরে দগ্ধ অবস্থায় শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অভিযোগ রয়েছে, কারখানার প্রধান ফটক বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর শ্রমিকেরা বের হতে পারেননি। এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নিহতদের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরই ধারাবাহিকতায় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পাঠানো হয়।

বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মরদেহ দেশে পৌঁছানোর খবরে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard