সুন্দরবনে দস্যুদের তাণ্ডবে অসহায় জেলে | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

সুন্দরবনে দস্যুদের তাণ্ডবে অসহায় জেলে

14 June 2026, 5:48:33

সুন্দরবনে দস্যুদের তাণ্ডবে অসহায় জেলে

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া শিকার করতে গিয়ে প্রতিনিয়ত বনদস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন শত শত জেলে।

জেলেদের অপহরণ করে মুক্তিপণের নামে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে বিভিন্ন দস্যু বাহিনীর বিরুদ্ধে। একই সঙ্গে স্থানীয় কিছু মাছ ও কাঁকড়া ব্যবসায়ীর সহযোগিতায় বনদস্যুদের দৌরাত্ম্য আরও বেড়ে চলেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের কাঁকড়া ব্যবসায়ী গোলাম রব্বানীসহ কয়েকজন ব্যবসায়ী জেলেদের কাছ থেকে নৌকা প্রতি সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত আদায় করে স্লিপের মাধ্যমে বনদস্যুদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এ কাজে মঠবাড়ী এলাকার আনারুল, হোসেন, আবু মুছা ও আজিজুলসহ আরও কয়েকজন ব্যক্তি সহযোগী হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ রয়েছে।

জেলেদের দাবি, এসব ব্যক্তি বনদস্যুদের জন্য বাজার-সদাই, রান্না করা মাংস ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেন। পাশাপাশি দস্যুদের নাম ব্যবহার করে জেলেদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। যারা এই অর্থ দিতে অপারগ হন, তাদের সুন্দরবনের অভ্যন্তরীণ খাল ও ভেড়ানিতে মাছ ও কাঁকড়া শিকার করতে না দেওয়ার হুমকি দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়রা এলাকার কয়েকজন জেলে জানান, সুন্দরবন সংলগ্ন কিছু অসাধু মাছ ও কাঁকড়া ব্যবসায়ীর প্রত্যক্ষ সহযোগিতায় বনদস্যুরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে সাধারণ জেলেরা চরম নিরাপত্তাহীনতা ও আর্থিক সংকটে পড়ছেন।

ভুক্তভোগী জেলেদের দাবি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বনদস্যুদের সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনে, তাহলে সুন্দরবনে দস্যুদের তাণ্ডব অনেকাংশে কমে আসবে এবং জেলেরা নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারবেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: