জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, একটি জাতির সামগ্রিক উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি হলো শিক্ষা। শিক্ষিত ও মানবিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। প্রয়োজন শিক্ষার গুণগত পরিবর্তন। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তুলতে হবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”
এ সময় তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষা একজন শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। তাই প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আধুনিক, প্রযুক্তিভিত্তিক ও দক্ষতামুখী শিক্ষার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক ও গতিশীল করে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়ে ওঠে।”
তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি শিক্ষাখাতে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “একটি শিক্ষিত সমাজ গঠন করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শিক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন, এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে নবনির্মিত বিদ্যালয় ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।