ডেক্স রিপোর্টঃ ১৫ সেপ্টেম্বর সোমবার ২০২৫।
সংবিধান সংশোধন সংসদের বাইরে কোনো প্রক্রিয়ায় করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, আইনি ভিত্তি ছাড়া গৃহীত কোনো সনদ বা চুক্তি টেকসই হবে না, বরং তা অল্পদিনের মধ্যেই ভেঙে পড়তে পারে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকটি জুলাই সনদের আইনি স্বীকৃতি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ নিয়ে শুরু থেকেই সব পক্ষের ঐক্যমত ছিল। তবে কিছু রাজনৈতিক দলের প্রশ্ন ছিল—যদি এর কোনো আইনি বৈধতা না থাকে, তাহলে ভবিষ্যতে এটি টেকসই হবে কি না। সেই কারণেই কমিশন আলোচনায় বসেছে। বিএনপি মনে করে, সংবিধানের বাইরে কোনো প্রক্রিয়ায় এ সনদ কার্যকর করা উচিত নয়।
তিনি প্রস্তাব দেন—সনদটি রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করার পর প্রকাশ্যে আনতে হবে এবং প্রতিটি দলের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে। এভাবে জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়া হলে নির্বাচনে বিজয়ী দল সংসদে গিয়ে তা বাস্তবায়নে বাধ্য থাকবে।
ভবিষ্যতে যেন আইনি জটিলতা তৈরি না হয়, সে জন্য প্রয়োজনে আপিল বিভাগের মতামত নেওয়ার পরামর্শও দেন তিনি।
জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। অন্যথায় রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়ে তা শুধু গণতন্ত্র নয়, জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।