সংবাদ প্রকাশের পর অসুস্থ লেখক জুড়ান মণ্ডলের পাশে চিতলমারী ইউএনও
সংবাদ প্রকাশের পর অসুস্থ লেখক জুড়ান মণ্ডলের পাশে চিতলমারী ইউএনও
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করা লেখক জুড়ান চন্দ্র মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। চিকিৎসার অভাবে তার অসহায়ত্বের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তার বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ নেন ইউএনও।
বিকেল ৫টার দিকে উপজেলার সন্তোষপুর গ্রামের বাসিন্দা জুড়ান মণ্ডলের বাড়িতে যান ইউএনও খাদিজা আক্তার। এ সময় তিনি অসুস্থ লেখকের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত জানতে চান। পরে চিকিৎসার জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে জুড়ান মণ্ডলের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন তিনি।
এ সময় চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ছয় মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন জুড়ান চন্দ্র মণ্ডল। স্ট্রোকের পর তার শরীরের এক পাশ অবশ হয়ে যায়। শারীরিক দুর্বলতার কারণে তিনি এখন নিজে থেকে বিছানা থেকে উঠতেও পারেন না। আর্থিক সংকটের কারণে নিয়মিত চিকিৎসা করানোও তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
একসময় দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতেন জুড়ান মণ্ডল। সীমিত আয়ের মধ্যেও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করতেন তিনি। নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় শিক্ষার্থীদের বই-খাতা ও শিক্ষা উপকরণ কিনে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।
লেখালেখির প্রতিও তার ছিল গভীর আগ্রহ। সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখতেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি নাটকও রচনা করেছেন। নিজের অর্থ ব্যয় করে সেসব নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছেন বলেও স্থানীয়রা জানান।
দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাশে থাকা এই লেখক নিজেই এখন অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় তার জীবন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ নিয়ে সম্প্রতি ‘চিতলমারীতে চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছেন লেখক জুড়ান মণ্ডল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি ইউএনও খাদিজা আক্তারের নজরে আসার পর তিনি জুড়ান মণ্ডলের বাড়িতে গিয়ে তার খোঁজ নেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, “জুড়ান মণ্ডলের অসুস্থতার বিষয়টি আগে তার জানা ছিল না। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি নিজে তার বাড়িতে গিয়ে পরিস্থিতি দেখেছেন। তার চিকিৎসার জন্য সরকারি পর্যায় থেকে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করা হবে।”
একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসুস্থ লেখক জুড়ান মণ্ডলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ইউএনও।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



