দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন এবং পর্যটকদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে প্রস্তাবিত নতুন সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের ওপর অংশীজন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সওজ কর্তৃক প্রস্তাবিত “মিরপুর-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর (এন-২০৭) সড়কের ২১তম কিলোমিটারে শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন ও পর্যটকদের যাতায়াত সহজীকরণের লক্ষ্যে নতুন সংযোগ সড়ক (এন-২১৫) নির্মাণ” শীর্ষক উন্নয়ন প্রকল্পটি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ মে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অনুষ্ঠিত প্রকল্প যাচাই কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রকল্পের আওতায় প্রস্তাবিত সংযোগ সড়ক নির্মাণে ভবিষ্যতে ভূমি অধিগ্রহণ ও পূর্ত কাজ বাস্তবায়নে কোনো জটিলতা এড়াতে জেলা প্রশাসনের সহায়তায় একটি অংশীজন সভা আয়োজন করতে হবে এবং সভার কার্যবিবরণী, ছবি ও তথ্য-উপাত্ত পুনর্গঠিত ডিপিপিতে সংযুক্ত করতে হবে।
এরই ধারাবাহিকতায় আগামী ১৩ জুন ২০২৬ (শনিবার) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ অংশীজন সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সওজের মৌলভীবাজার সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবহন মালিক সমিতি, প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সওজ কর্তৃপক্ষের মতে, প্রস্তাবিত সংযোগ সড়ক বাস্তবায়িত হলে শ্রীমঙ্গল শহরের যানজট কমার পাশাপাশি পর্যটননির্ভর এ অঞ্চলে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।