দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
আগামী বুধবার (১৭ জুন ২০২৬) দুপুর ১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেবেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অনুষ্ঠানের মাধ্যমে তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই ও চূড়ান্ত করতে প্রশাসনের পক্ষ থেকে পৃথক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও অগ্রবর্তী টিমসহ প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সংশ্লিষ্টদের আশা, এই সফরের মাধ্যমে জেলার সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও সম্প্রসারিত হবে এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে।
উল্লেখ্য, সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে সরকার পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করছে এবং তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারে তৃতীয় ধাপের কার্যক্রমের উদ্বোধন করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।