শাহজাদপুর প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ফ্রেন্ডস টেলিকম
শাহজাদপুর প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ফ্রেন্ডস টেলিকম

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘শাহজাদপুর প্রিমিয়ার লিগ (এসপিএল)-২০২৬’ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিরোপা নির্ধারণী ম্যাচে শক্তিশালী আর পি চৌধুরী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্রেন্ডস টেলিকম।
ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ করে হাজার হাজার দর্শক উপভোগ করেন প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াই।
টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও ফ্যালকন স্পোর্টসের স্বত্বাধিকারী ক্যাপ্টেন শেখ মাসুদ। সহযোগী স্পনসর হিসেবে ছিল ফ্যালকন স্পোর্টস, ইকোভিশন ইউএসএ এবং বিশিষ্ট সমাজসেবক খাজা মোহাম্মদ কাজল (ইউএসএ)।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন এবং পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন এবং পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল।
এবারের আয়োজনে ক্রীড়া বিনোদনের পাশাপাশি মানবিকতারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এসপিএল কমিটি। অনুষ্ঠানের একপর্যায়ে কমিটির পক্ষ থেকে এক অসহায় ক্যান্সার আক্রান্ত নারীকে চিকিৎসা সহায়তার জন্য ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। অতিথিরা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রবাস থেকে বিশেষ সহযোগিতা ও সংহতি প্রকাশ করেন ফ্রান্স প্রবাসী মো. হেলাল। ইকোভিশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন, নিরব ও হৃদয়। খাজা মোহাম্মদ কাজলের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খাজা স্বপন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও যুব সমাজকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এসপিএল কমিটি যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।
পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। টুর্নামেন্টটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ও স্পন্সরদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: