বুধবার ১১ নভেম্বর, ২০২৬

শহীদ নূর হোসেন স্কোয়ারে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন

11 November, 2026 1:19:43
শহীদ নূর হোসেন স্কোয়ারে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন

দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | ১০ নভেম্বর ২০২৬ :

আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শহীদ নূর হোসেন স্কোয়ারে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও লাল সালাম জানানো হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) শ্রদ্ধাঞ্জলি অর্পণে নেতৃত্ব দেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক। পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শহীদ নুর হোসেন লও লও লাল সালাম। বিনম্র শ্রদ্ধা।

কমরেড মাহমুদুল হাসান মানিক বলেন, “ছাত্র গণআন্দোলনে নূর হোসেন শহীদ হন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর কমরেড রাশেদ খান মেননের নেতৃত্বে ৫ দলীয় বাম জোট, শেখ হাসিনার নেতৃত্বে ৮ দল ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় জোট তথা তিন জোটের নেতৃত্বে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ সরকার বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন।
মৃত্যুর পর নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর জিরো পয়েন্ট এলাকার নামকরণ করা হয় শহীদ নূর হোসেন স্কয়ার এবং ১০ নভেম্বরকে শহীদ নূর হোসেন দিবস ঘোষণা করা হয়।”

তিনি আরও বলেন, “নূর হোসেন ১৯৬১ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। জীবিকার সন্ধানে তার পরিবার ঢাকায় এসেছিল। নূর হোসেনের পরিবার থাকত রাজধানীর পুরনো ঢাকার বনগ্রামে।
নূর হোসেনের বাবা মজিবুর রহমান পেশায় ছিলেন একজন বেবিট্যাক্সি চালক। মা মরিয়ম বেগম গৃহিণী।
নূর হোসেন নিজেও ছিলেন একজন পরিবহন শ্রমিক।
গায়ের শার্ট কোমড়ে বাঁধা, পরনে জিন্সপ্যান্ট, পায়ে কেডস, খালি গায়ে বুকে পিঠে লেখা ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’।
নূর হোসেনের পুরো শরীরটাই যেন প্রতিবাদী পোস্টার। নূর হোসেনের এ প্রতিবাদ সহ্য করতে পারেনি স্বৈরাচার সরকার। নির্মম বুলেট ছুটে আসে প্রতিবাদী যুবক নূর হোসেনের দিকে।
গুলিবিদ্ধ নূর হোসেনকে যখন একটি রিকশায় করে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিলেন এক যুবক। গুলিবিদ্ধ নূর হোসেনকে রিকশা থেকে নামিয়ে পুলিশের গাড়িতে তুলে নেয়া হয়। নূর হোসেন যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন তখনও একজন পুলিশ সদস্য পায়ের বুট তার বুকের উপর চেপে ধরে। স্বৈরাচারী পুলিশ এমন নিষ্ঠুরভাবে সেদিন নূর হোসেনকে হত্যা করে।
নূর হোসেনের মৃত্যুর ঘটনায় স্বৈরাচার বিরোধী ছাত্র গণআন্দোলন আরও বেগবান হয় এবং পরবর্তীতে তিন জোটের নেতৃত্বে ‘৯০-এর মহান গণ-অভ্যুত্থানে স্বৈরশাসক এরশাদ সরকারের পতন ঘটে।”

নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, সিপিবি, জেএসডি, বাম গণতান্ত্রিক জোট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, শহীদ নূর হোসেন সংসদ, ছাত্রমৈত্রী, যুবমৈত্রী, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন দল ও সংগঠন গুলিস্তানে নূর হোসেন চত্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ-দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

নূর হোসেনের বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লেখা স্লোগান আজও সবাইকে স্বৈরশাসনসহ সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি ও অনুপ্রেরণা যোগায়।

শহীদ নূর হোসেন দিবসে বাংলাদেশ যুব মৈত্রীর শ্রদ্ধা নিবেদন ও গণতান্ত্রিক সংগ্রাম জোরদার করার আহ্বান

 

শহীদ নূর হোসেনের আত্মত্যাগের পথ ধরে সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, গণতন্ত্রবিরোধী অপশক্তি ও একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী।

আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সকাল ৯টায় রাজধানীতে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ কর্মসূচিতে সংগঠনের নেতৃত্ব দেন যুব মৈত্রী কেন্দ্রীয় সভাপতি যুব নেতা তৌহিদুর রহমান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বুক-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান ধারণ করে শহীদ নূর হোসেন নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। কিন্তু আজও গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির সংগ্রাম শেষ হয়নি।

নেতৃবৃন্দ আরও বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় সহযোগী স্বার্থান্বেষী শক্তি বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাম্রাজ্যবাদী আধিপত্য, সাম্প্রদায়িক রাজনীতি এবং একাত্তরের পরাজিত শক্তির উত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে দেশের শিল্প-কলকারখানা একের পর এক বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থানের সংকট তীব্র হচ্ছে, কর্মহীন হয়ে পড়ছে হাজার হাজার যুবক। যুবসমাজের সামনে আজ এক অনিশ্চিত ভবিষ্যৎ পথ তৈরি হচ্ছে।

নেতৃবৃন্দ শহীদ নূর হোসেনের স্বপ্নের শোষণমুক্ত, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সাম্রাজ্যবাদী আধিপত্য, সাম্প্রদায়িক অপশক্তি, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

১৯৮৭ সালের এদিনে কমরেড রাশেদ খান মেননের নেতৃত্বে ৫ দলীয় বাম জোট, শেখ হাসিনার নেতৃত্বে ৮ দল ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় জোট তথা তিন জোটের নেতৃত্বে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ সরকার বিরোধী ছাত্র গণ-আন্দোলন চলাকালে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া নূর হোসেনের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন ‘৮৩ থেকে গড়ে ওঠা ছাত্র গণআন্দোলন ও ‘৯০-এর মহান গণ-অভ্যুত্থানের সংগঠক এবং বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard