
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. হানিফ ব্যাপারী (৭০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি একটি ইজিবাইকসহ তিনটি যানবাহনে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক হানিফ ব্যাপারী গুরুতর আহত হন। পরে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হানিফ ব্যাপারী শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের নুর ব্যাপারীর ছেলে।
দুর্ঘটনায় আহত হয়েছেন খোন্তাকাটা গ্রামের সুরমা বেগম (৩৫), রাজৈর গ্রামের মো. হানিফ হাওলাদার (৪৫) এবং চালিতাবুনিয়া গ্রামের মো. সোহেল হাওলাদার। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) উদয় শঙ্কর বলেন, নিহতের মরদেহ শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।