লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে জুলাই গণঅভ্যুত্থানে রামগঞ্জের ছয় শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিল এবং জুলাই শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রামগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি আতিকুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ, জুলাই শহিদ আনোয়ারের পিতা আলা আমিন পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের এবং সাবেক সভাপতি মাহমুদ ফারুক।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি কোনো একদিনের ঘটনা নয়, কিংবা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জনও নয়। দেশের স্বাধীনতা, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় সর্বস্তরের মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও ঐক্যের ফলই জুলাইয়ের এই ইতিহাস।
তাঁরা আরও বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের রক্তে লেখা ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, সাহস, ন্যায় ও সত্যের পথে চলার অনুপ্রেরণা জোগাবে। জুলাই শুধু একটি মাসের নাম নয়, এটি আত্মত্যাগ, সাহস, ঐক্য এবং গণমানুষের অধিকার আদায়ের প্রতীক। শহিদরা কোনো দল বা গোষ্ঠীর নন—শহিদরা আমাদের সকলের সম্পদ, সমগ্র জাতির অহংকার। তাঁদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ এবং আত্মত্যাগের মর্যাদা রক্ষা করাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।