দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক | ০৬ জুলাই ২০২৬ :
সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতি মন্ডলীর সদস্য ও গণতন্ত্রী পার্টির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম নেই।
আজ সোমবার (৬ জুলাই ২০২৬) বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। দীর্ঘদিন থেকে বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতে তার মরদেহ রাজধানীর খিলগাঁওর বাসায় নিয়ে আসার পর গণতন্ত্রী পার্টি ও খেলাঘরসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। মঙ্গলবার টাঙ্গাইলের করটিয়ায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
নুরুর রহমান সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল; জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা এবং মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ। নেতৃবৃন্দ বলেন, "সারাজীবন খেটে খাওয়া মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম ও সাম্রাজ্যবাদ বিরোধী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম করে গেছেন। সেলিম ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাই। বিনম্র শ্রদ্ধা।"
নুরুর রহমান সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, "বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম ছিলেন আদর্শনিষ্ঠ, সংগ্রামী ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।