মঙ্গলবার ১ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫ শিক্ষার্থী

31 August, 2026 10:50:50
মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫ শিক্ষার্থী

মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল খেলায় ফাউলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে মারপিটের ঘটনা ঘটেছে। এতে মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। গত রোববার (৩০ আগস্ট) উপজেলার সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৬ সালের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে মোরেলগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ফুটবল, হ্যান্ডবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম খান জানান, খেলায় তাদের দল এক গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের শেষ দিকে মাঠে একটি ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন বহিরাগত ব্যক্তি মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় বিদ্যালয়ের দশম শ্রেণির গোলরক্ষক ফাহিম হোসেন, খেলোয়াড় মো. নাঈম, মো. হাসান, ফাহিম শেখ ও মো. আরাফাত সানিসহ অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়। পরে তাদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, দ্বিতীয়ার্ধের শেষ সময়ে মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দলের জয় প্রায় নিশ্চিত হয়ে গেলে ফাউলকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা সৃষ্টি করা হয়। পরে কয়েকজন বহিরাগত ব্যক্তি এতে জড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মারধর করেন। এ সময় খেলার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, সোমবার (৩১ আগস্ট) বলইবুনিয়া ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি পরবর্তী জোন পর্যায়ের খেলার ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলার অন্যতম মাধ্যম। তাই খেলার মাঠে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে না ফেলে, সে জন্য প্রতিটি ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা ও দায়িত্বশীল কর্মকর্তাদের কার্যকর উপস্থিতি নিশ্চিত করা জরুরি।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারে, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard