মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নে রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে বসতঘরটির টিনের চালা, কাঠের খুঁটি ও ভেতরে থাকা প্রায় সব আসবাবপত্র পুড়ে ধ্বংস হয়ে গেছে। ঘরের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পোড়া টিন, কাঠ ও গৃহস্থালির বিভিন্ন মালামালের অবশিষ্টাংশ। আগুনের তীব্রতায় কাপড়চোপড়, বিছানাপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীও রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। বাড়ির মালিক ও তার স্ত্রী ওই সময় বাড়িতে না থাকায় আগুন লাগার কারণ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী মো. লিয়াকত হোসেন জানান, গত ১৬ মে সকালে তিনি স্ত্রীকে নিয়ে মোংলায় ছেলের বাড়িতে বেড়াতে যান। পরদিন ভোরে স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাদের বাড়িতে আগুন লাগার খবর দেন। দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন, তাদের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।তিনি অভিযোগ করে বলেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে কে বা কারা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে সন্দেহ করছি। এলাকার কিছু মাদকসেবী প্রায়ই আমাদের বাড়িতে এসে মাদক সেবন করত। তাদের বাধা দিলে বিভিন্ন সময় হুমকিও দিত।অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বলে জানান তিনি। কান্নাজড়িত কণ্ঠে লিয়াকত হোসেন বলেন, বসতঘরটি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য আমার নেই। প্রশাসন ও সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।স্থানীয় কয়েকজন বাসিন্দাও জানান, এলাকায় কিছু বখাটে ও মাদকসেবীর আনাগোনা রয়েছে। এ নিয়ে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল বলেও তারা উল্লেখ করেন।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। মোরেলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।