মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মশা নিধন, বৃক্ষরোপণ ও বিক্ষোভ মিছিল | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মশা নিধন, বৃক্ষরোপণ ও বিক্ষোভ মিছিল

11 October 2026, 6:57:57

মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মশা নিধন, বৃক্ষরোপণ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বিএনপি। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার ৩ নম্বর পুটিখালী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।

৩ নম্বর পুটিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিদ ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফকির রাসেল আল-ইসলাম এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আজিম বাবুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এফ এম শামীম আহসান, সহসভাপতি মতিউর রহমান বাচ্চুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে পুটিখালী ইউনিয়নে দুটি ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম শুরু করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।

এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না; পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থানগুলো ধ্বংস করা জরুরি। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তাঁরা।

কর্মসূচির শেষ পর্যায়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পুটিখালী মঙ্গলেরহাট বাজার এলাকার বিভিন্ন প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে তাঁরা এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard