মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একটি ইজিবাইক উল্টে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মধুমিয়ার বাড়ির সামনের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নব্বইরশি বাসস্ট্যান্ড থেকে কেয়ার বাজার ও পল্লিমঙ্গলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ইজিবাইক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইজিবাইক উল্টে গিয়ে তিন যাত্রী আহত হন।
আহতরা হলেন খেজুরবাড়িয়া এলাকার আমির হোসেন হাওলাদার (৮০), বানিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. মোতালেব শিকদার এবং শাহ আলম শিকদার। তাঁদের মধ্যে আমির হোসেনের পা ও হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে। মোতালেব শিকদারের হাতের জয়েন্ট সরে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর আহত শাহ আলম শিকদারের মাথায় আঘাত লেগেছে। তিনি বর্তমানে মোরেলগঞ্জ আইডিয়াল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর রাত ৮টা ৪০ মিনিটের দিকে আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ আইডিয়াল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আমির হোসেন ও মোতালেব শিকদারের শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে, দুর্ঘটনার পর একটি ইজিবাইকের চালক গাড়িটি ঘটনাস্থলে রেখে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং এ ঘটনায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।