মোরেলগঞ্জে জমিতে ধান রোপণ নিয়ে বিরোধ, হামলার অভিযোগে বিক্ষোভ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ, জনদুর্ভোগ / বিস্তারিত

মোরেলগঞ্জে জমিতে ধান রোপণ নিয়ে বিরোধ, হামলার অভিযোগে বিক্ষোভ

19 September 2026, 10:16:50

মোরেলগঞ্জে জমিতে ধান রোপণ নিয়ে বিরোধ, হামলার অভিযোগে বিক্ষোভ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় গ্রামবাসী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও স্থানীয়রা ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ভুক্তভোগী কৃষক আয়ুব আলী খান ও তার ভাই আবু হানিফ খানের অভিযোগ, বানিয়াখালী গ্রামের প্রায় ৩ বিঘা ফসলি জমি দীর্ঘদিন ধরে একই গ্রামের রুস্তুম আলী খান দখলে রেখেছিলেন। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে শালিস বৈঠকের মাধ্যমে জমি পরিমাপ করে আয়ুব আলী খান ও তার ভাইকে দখল বুঝিয়ে দেওয়া হয়।

তাদের অভিযোগ, শালিসের সিদ্ধান্তের পরও জমির একটি অংশে রুস্তুম আলী খান পুনরায় ধানের বীজ রোপণ করেন। এতে বাধা দিলে গত ৮ সেপ্টেম্বর সকালে রুস্তুম আলী খান, তার ছেলে ও কয়েকজন লোক আয়ুব আলী খানকে মারধর করেন বলে অভিযোগ করেন তারা। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

শনিবারের বিক্ষোভে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. মোশাররফ হোসেন, ভুক্তভোগী আয়ুব আলী খান, আবু হানিফ খান, স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন হাওলাদার, মতিয়ার রহমান আকন ও আলী হোসেন হাওলাদারসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান না হওয়ায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রুস্তুম আলী খানের ছেলে হাকিম খান। তিনি বলেন, জমি সঠিকভাবে পরিমাপ না করেই তাদের জমিতে জোরপূর্বক ধান রোপণ করা হচ্ছিল। এ নিয়ে বাধা দেওয়া হলেও কাউকে মারধর করা হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard