মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের কেজি শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি ও গণিত—এই তিন বিষয়ে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়।
পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন রিয়াজ, সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, হল পরিদর্শক নাহিদ মাহামুদ রুবেল ও সচিব মোহাম্মদ আব্দুল ওহাবের তত্ত্বাবধানে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মোরেলগঞ্জ মডেল একাডেমি, দি লাইসিয়াম অ্যাকাডেমি, জেকে একাডেমি, সুন্দরবন প্রি-ক্যাডেট একাডেমি, সোনাখালী বিদ্যানিকেতন একাডেমি, আল-হেরা একাডেমি, পোলেরহাট আদর্শ একাডেমি, রায়েন্দা ভাষানী কিন্ডারগার্টেন একাডেমি, সন্ন্যাসী রাজিয়া একাডেমি, ফাতেমা তুজ জোহরা একাডেমি ও শুভ বিদ্যা নিকেতনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে, পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের সুশৃঙ্খল উপস্থিতি ও দলগত ব্যবস্থাপনায় নজর কেড়েছে মোরেলগঞ্জ মডেল একাডেমি। প্রতিষ্ঠানের পরিচালক নাহিদ ইসলামের নেতৃত্বে নিজস্ব ভ্যানগাড়িতে করে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষা শেষে একইভাবে শৃঙ্খলার সঙ্গে কেন্দ্র ত্যাগ করে তারা। শিক্ষার্থীদের এমন নিয়মতান্ত্রিক চলাফেরা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা অভিভাবকসহ উপস্থিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নিয়ম মেনে চলা ও দলগতভাবে কাজ করার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক দক্ষতা যাচাই, মেধাবীদের উৎসাহিত করা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।