মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন
মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রা হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈশাখী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
উৎসবকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙে রাঙিয়ে দিনব্যাপী এ আয়োজন উপভোগ করেন সর্বস্তরের মানুষ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: