তানভীর আজাদ কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মাদ্রাসার পাশের পুকুরে ডুবে নুর ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) বেলা প্রায় সাড়ে ১১টার দিকে শিলাইদহ ইউনিয়নের দাড়িগ্রাম এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম স্থানীয় বাসিন্দা মো. সাগর মন্ডলের ছেলে। পরিবারের বড় সন্তান হিসেবে সে সবার আদরের ছিল।
জানা গেছে, নুর ইসলাম কোমরকান্দি তালিমুল কুরআন কওমিয়া মাদ্রাসার মক্তবের শিক্ষার্থী। মঙ্গলবার মাদ্রাসা কর্তৃপক্ষ বনভোজনের আয়োজন করলে শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল পদ্মা নদীতে বেড়াতে যায়। তবে নুর ইসলামসহ কয়েকজনকে মাদ্রাসায় রেখে যাওয়া হয়।
এই সময় তারা মাদ্রাসার সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে নুর ইসলাম পানিতে তলিয়ে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের আগেই শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাবাসীর মধ্যেও বিরাজ করছে গভীর শোক ও উদ্বেগ।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।