মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) খনি এলাকা থেকে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনেজ চ্যানেলের কয়েকটি অংশ খোলা থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। জনবসতি ও চলাচলের রাস্তার পাশে থাকা ড্রেনে কংক্রিটের স্লাব না থাকায় শিশু, পথচারী ও গৃহপালিত পশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, ইতোমধ্যে ওই ড্রেনে একটি ছাগলের বাচ্চা ও একটি গাভীর বাছুর পড়ে মারা গেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে লোকালয়সংলগ্ন ড্রেনের ওপর দ্রুত কংক্রিটের স্লাব বা নিরাপদ ঢাকনা স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, জনবসতি ও চলাচলের পথের কাছাকাছি ড্রেনেজ চ্যানেলের কিছু অংশ উন্মুক্ত রয়েছে। চ্যানেলটি গভীর হওয়ায় অসাবধানতাবশত কেউ পড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আশপাশে শিশুদের চলাচল থাকায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, খনি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থায় তাদের আপত্তি নেই। তবে জনবসতির পাশ দিয়ে যাওয়া ড্রেনটি খোলা থাকায় নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রেখেই ঝুঁকিপূর্ণ অংশগুলো ঢেকে দেওয়ার দাবি তাদের।
তাদের আরও দাবি, পুরো ড্রেনেজ চ্যানেল পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে এমজিএমসিএলের জিএমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অচিরেই এই সমস্যার সমাধান করা হবে।”
কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই ড্রেনেজ চ্যানেলের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এমজিএমসিএল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।