মাফিকুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের পার্বতীপুরে বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় চাপা পড়ে ফেরদৌস (২৫) নামে ওই ট্রাকের চালকের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চলের পলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস পলিপাড়ার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজের নির্মাণাধীন বাড়ির কাজের জন্য ড্রাম ট্রাকে করে বালু নিয়ে বাড়ির কাছে আসেন ফেরদৌস। এ সময় বাড়ির কাছাকাছি এসে ট্রাকটির চাকা আটকে যায়। পরে তিনি গাড়ি থেকে নেমে চাকার নিচে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। হঠাৎ ট্রাকটি চলতে শুরু করলে তিনি চাকায় চাপা পড়েন।
এ সময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৩-৬৭৫৫।
ফেরদৌসের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।