বানারীপাড়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বানারীপাড়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া (উপজেলা) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বানারীপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদ।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বাইশারী ইউনিয়নের সচেতন নাগরিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেবিইউ সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মাওলানা আবু সাইদ, সদস্য সচিব সাইদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজ ও পারিবারিক শান্তি নষ্ট করার পাশাপাশি তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে মাদক কারবারিদের কারণে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন হুমকির মুখে পড়ছে। বাইশারীর মাদক কারবারি সোলাইমান গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ও শান্তি ফিরে এসেছে বলেও তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, শুধু একজন-দুজন নয়, প্রতিটি এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার এবং মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা মাদকের চালান বন্ধে সীমান্ত ও দেশের অভ্যন্তরে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। মাদক কারবারি ও এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে নতুন প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: