বানারীপাড়ায় চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

বানারীপাড়ায় চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা

29 August 2026, 3:18:45

বানারীপাড়ায় চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা

সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় চিকিৎসাসেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হওয়ার অভিযোগে জাতীয় দৈনিক নিরপেক্ষ পত্রিকার বানারীপাড়া উপজেলা প্রতিনিধি মো. আছিবুল ইসলাম মামলা করেছেন।

গত ২৭ আগস্ট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইএনটি (ENT) বহির্বিভাগের মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান শাকিল (৩৮) কে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৫০৬(২) ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আরজিতে অভিযোগ করা হয়, ডা. হাফিজুর রহমান শাকিল শেবাচিম হাসপাতালে দায়িত্ব পালনের পাশাপাশি বানারীপাড়ার ‘মডার্ন ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘হামিদ মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল’-এ নিয়মিত রোগী দেখেন। সেখানে বৈধ ডিগ্রি বা সার্টিফিকেট ছাড়াই বিভিন্ন জটিল অস্ত্রোপচার (সার্জারি) ও অ্যানেস্থেশিয়া পরিচালনা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া, ডায়াগনস্টিক সেন্টারে বেনামে স্বজনদের শেয়ার রাখা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে কমিশন গ্রহণের মাধ্যমে চিকিৎসাসেবার নামে বাণিজ্য পরিচালনার অভিযোগও মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হবে।

আরজিতে আরও বলা হয়, এসব অভিযোগের বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ এবং চিকিৎসকের বক্তব্য জানতে সাংবাদিক আছিবুল ইসলাম ডা. শাকিলের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। এ সময় চিকিৎসক তাকে তার চেম্বারে আসতে বলেন।

এর ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট (রবিবার) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে সাংবাদিক আছিবুল ইসলাম বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত হামিদ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানে পৌঁছালে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে ডা. শাকিল পাশের ‘মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের’ এক্স-রে কক্ষে অবস্থান করছেন বলে জানান এবং সেখানে নিয়ে যান।

মামলার আরজিতে অভিযোগ করা হয়, এক্স-রে কক্ষের সামনে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ডা. শাকিলের নির্দেশে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সাংবাদিকের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় পুনরায় ক্লিনিক ও চিকিৎসকের কথিত অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে এলে তাকে গুম ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় আদালতে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটন ও অভিযোগের প্রমাণ সংগ্রহের জন্য ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ জব্দের আবেদন করা হয়েছে আদালতে।

মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা জুবায়ের বলেন, “বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করার পর আদালতের নির্দেশে বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমরা আশাবাদী, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত হবে এবং আমরা ন্যায়বিচার পাব।”

মামলায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত শেষে অভিযোগগুলোর সত্যতা ও দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard