বুধবার ১০ জুন, ২০২৬

বাগেরহাটে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া: দুর্বৃত্ত হামলায় প্রাণ গেল কৃষক দল নেতার

10 June, 2026 11:17:23
বাগেরহাটে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া: দুর্বৃত্ত হামলায় প্রাণ গেল কৃষক দল নেতার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের এক নেতার মৃত্যু এবং বিএনপির আরেক নেতার গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বাদল মোড়ল (৩৫) বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি সদর উপজেলার আড়পাড়া গ্রামে। তিনি জাফর মোড়লের ছেলে।

আহত আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, দুই নেতা রাতে নির্জন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। গুরুতর রক্তাক্ত অবস্থায় বাদল মোড়ল ঘটনাস্থলেই মারা যান।

এদিকে হত্যাকাণ্ডের পর এলাকাজুড়ে উদ্বেগ, ক্ষোভ ও শোকের আবহ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত কার্যক্রম তদারকি করেছেন।

ফকিরহাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সকাল ১১টায় আড়পাড়া বাজারে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনগণ অংশ নেবেন বলে জানা গেছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport