বাউফলে বিএনপি নেতা রমিজ মৃধাকে কুপিয়ে জখমের অভিযোগ
বাউফলে বিএনপি নেতা রমিজ মৃধাকে কুপিয়ে জখমের অভিযোগ
মোঃ ইমরান হোসাইন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিএনপি নেতা রমিজ মৃধাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত রমিজ মৃধা (৪০)কে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালের একটি হাসপাতালে পাঠিয়েছেন।
আহত রমিজ মৃধার স্ত্রী অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচনের পর থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের জামায়াত নেতা কামাল ও তার ছেলে তার স্বামীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় শনিবার সন্ধ্যার পর কয়েকজন সন্ত্রাসী পেছন থেকে রমিজ মৃধার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ ও হাতে কুপিয়ে জখম করা হয়।
তিনি আরও জানান, হামলায় রমিজ মৃধার বাম হাতের একটি আঙুল কেটে যায় এবং পিঠে গভীর জখম হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে রমিজ মৃধাকে কুপিয়ে জখম এবং চাঁদা দাবির অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা কামাল ও তার ছেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



