বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ আট জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ আট জেলে উদ্ধার

মোংলা প্রতিনিধিঃ ১৮ আগস্ট সোমবার ২০২৫।
ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসমান একটি ফিশিং ট্রলারসহ আটজন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। সোমবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
কোস্ট গার্ড জানায়, গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার বরগুনা থেকে ৮ জন জেলে নিয়ে সমুদ্রে ইলিশ শিকারে যায়। যাত্রার তিন দিন পর ট্রলারের শ্যাফট বিকল হয়ে গেলে ট্রলারটি মাঝ সমুদ্রে ভেসে থাকে।
মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় দীর্ঘ সময় কারও সঙ্গে যোগাযোগ করতে না পারায় জেলেরা চরম দুশ্চিন্তায় পড়ে। পরবর্তীতে ১৭ আগস্ট রাত ১০টার দিকে নেটওয়ার্কে ফেরার পর ট্রলারের এক জেলে কোস্ট গার্ড হেল্পলাইনে কল দিয়ে বিষয়টি জানান।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযানে নামে। অল্প সময়ের মধ্যে মোংলা বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন বয় নম্বর-৫ সমুদ্র এলাকা থেকে আট জেলেকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন—আব্দুর রাজ্জাক, মো. ফারুক, মো. কামাল, আলম, মো. জাকারিয়া, মো. সজীব এবং রাকিব। তাদের মধ্যে সাতজন পিরোজপুর জেলার এবং রাকিব বরগুনা জেলার বাসিন্দা। ট্রলারটির মালিক মো. রাজ্জাক।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে ট্রলারটি নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: