ফুল হাতে মায়ের প্রতি ভালোবাসা নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ব্যতিক্রমী মা দিবস উদযাপন
ফুল হাতে মায়ের প্রতি ভালোবাসা নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ব্যতিক্রমী মা দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, নরসিংদী:
বিশ্ব মা দিবসকে ঘিরে নরসিংদীতে আয়োজন করা হয় এক হৃদয়ছোঁয়া অনুষ্ঠান। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ফুল দিয়ে নিজেদের মায়েদের সম্মান জানিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
রোববার (১০ মে) নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. মো. আবু কাউছার সুমন।
তিনি বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েরা প্রতিদিন অসীম ধৈর্য, ত্যাগ ও ভালোবাসা দিয়ে সন্তানদের লালন-পালন করেন। সমাজে তাদের অবদান সত্যিই অনুকরণীয়।”
তিনি আরও বলেন, “মা হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষক। মায়ের স্নেহ, আদর ও ত্যাগই একজন সন্তানকে মানবিক ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন না হলেও মা দিবস আমাদের সেই অনুভূতিকে নতুনভাবে প্রকাশের সুযোগ করে দেয়।
এসময় কবি কাজী কাদের নেওয়াজের বিখ্যাত পঙক্তি “মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই,
তার চেয়ে অধিক মধুর ত্রিভূবনে নাই”
উদ্ধৃত করে মায়ের মর্যাদা ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ফুল দিয়ে মায়েদের শুভেচ্ছা জানায়। আবেগঘন সেই মুহূর্তে অনেক অভিভাবক আনন্দ ও ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: