ফুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম

ফুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

11 May 2026, 1:39:41

ফুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ শাহ জামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জ্ঞানী-গুণী সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে এবং শিক্ষকদেরও আরও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনোয়ার হোসাইন বলেন,একটি শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন জাতিই পারে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি মানবিকতা ও দেশপ্রেমেও সমৃদ্ধ হতে হবে।”
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম রিজু। একই সঙ্গে উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে ফুলবাড়ী ডিগ্রি কলেজ।
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যাপক নির্বাচিত হয়েছেন একই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হোসেন সোহরাওয়ার্দ্দী দুলু। বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী তপন কুমার সেন।
এ ছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে বড়ভিটা উচ্চ বিদ্যালয়। শিক্ষা কার্যক্রম, ভালো ফলাফল, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অবদানের জন্য বিদ্যালয়টি এ স্বীকৃতি পায়। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য প্রশংসিত হয়েছে বোয়ালভিল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: