শনিবার ৬ জুন, ২০২৬

ফুড ফর দ্য হাঙ্গরির উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে ইস্ট ধামরাইয়ে জনসচেতনতামূলক কর্মসূচি

6 June, 2026 12:03:33
ফুড ফর দ্য হাঙ্গরির উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে ইস্ট ধামরাইয়ে জনসচেতনতামূলক কর্মসূচি

মি. সিমরান | স্টাফ রিপোর্টারঃ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে “প্লাস্টিক দূষণ মোকাবেলা” প্রতিপাদ্যকে সামনে রেখে ফুড ফর দ্য হাঙ্গরি (এফএইচ) ইস্ট ধামরাই সিআরসির উদ্যোগে কুল্লা ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষায় জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন স্থানীয় বাসিন্দারা।

কর্মসূচির শুরুতে একটি র‍্যালি কুল্লা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক বার্তা বহন করেন। এ সময় “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এবং “সবাই মিলে গড়বো দেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুড ফর দ্য হাঙ্গরি (এফএইচ) ইস্ট ধামরাই সিআরসির ডিএফ ঝরনা সরকার। তিনি বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ করতে হবে এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়নের ওয়ার্ড মহিলা মেম্বার মরিয়ম বেগম ও রোজিনা খানম। তারা পরিবেশ সুরক্ষায় নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রায় ২২৫ জন সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং মানবস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষে পরিবেশ রক্ষায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport