পি.আর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলনের মিছিল-সমাবেশ
পি.আর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলনের মিছিল-সমাবেশ

ডেক্স রিপোর্টঃ ২৭ সেপ্টেম্বর শনিবার ২০২৫।
বাগেরহাটের চিতলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা শাখার আয়োজনে দলটির শত শত নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা চত্বরে এসে পথসভায় মিলিত হয়। মিছিল চলাকালীন স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা শাখার অন্যতম নেতা ডা. আবুল কালাম কাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির বাগেরহাট-১ আসনের মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আবুল কালাম কাজীসহ উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কর্মীরা।
বক্তারা বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে সাংবিধানিক সংস্কার অপরিহার্য। সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবি উত্থাপন করেছে। তারা দাবি করেন, জনগণের স্বার্থে দেশে পি.আর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন চালু করা এখন সময়ের দাবি।
এছাড়া বক্তারা আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের মানুষকে প্রকৃত অর্থে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এ জন্য তারা সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণের প্রতি ইসলামী আন্দোলনের দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে ইসলামী আন্দোলনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে এলাকা এক অনন্য রাজনৈতিক আবহে পরিণত হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ভবিষ্যতে এ আন্দোলনকে আরও বেগবান করবে বলে মন্তব্য করেন বক্তারা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: