পাথর বোঝাই ট্রাকসহ ব্রিজ ধস: কাঠালিয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জনদুর্ভোগ / বিস্তারিত

পাথর বোঝাই ট্রাকসহ ব্রিজ ধস: কাঠালিয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ

16 May 2026, 10:26:03

পাথর বোঝাই ট্রাকসহ ব্রিজ ধস: কাঠালিয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ

মো ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাকের ভার সইতে না পেরে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে ট্রাকটিসহ ব্রিজের মাঝের অংশ ধসে খালের মধ্যে পড়ে যায়। এই দুর্ঘটনার পর থেকে ওই রুটের সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে দুই পাড়ের হাজার হাজার এলাকাবাসী ও পথচারী চরম দুর্ভোগে পড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি পাথর নিয়ে ট্রাকটি বেইলি ব্রিজে উঠলে মাঝ বরাবর অংশটি ভেঙে সরাসরি খালে তলিয়ে যায়। ঘটনার পর থেকেই কাঠালিয়া, বান্ধাঘাটা ও কৈখালী অঞ্চলের মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ‘জোড়াপোল বাজার’ সংলগ্ন কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পাথর বোঝাই একটি ভারী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় বিকট শব্দে এটি ভেঙে পড়ে।

এই সড়কটি ওই অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং জরুরি চিকিৎসার রোগীরা পড়েছেন চরম বিপাকে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত লোড নিয়ে ভারী যানবাহন চলাচলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত সময়ের মধ্যে বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি এবং ব্রিজটি পুনরায় সংস্কারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

​যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: